গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

জেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৩ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে আরও ৫ জন। গত রোববার সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- কোনাবাড়ি থানাধীন কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবুবক্করের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও রাজশাহীর চারঘাট এলাকার শিমুল নাহার (২০)। গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার এসএম শফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর খবরটি বাসস’কে নিশ্চিত করেছেন।

জানা গেছে, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।