রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রককে পিরোজপুর জেলায় বদলি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

দুর্নীতি, রাতারাতি ফ্লাটবাড়ি ও ভবনের মালিক বনে যাওয়ার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর রাঙ্গামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রককে পিরোজপুর জেলায় বদলি করা হয়েছে। গত সোমবার ৬ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরাধীন উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) আবু নাসার উদ্দিনের স্বাক্ষরিত এক আদেশে (স্মারক নং-১৩,০০,০০০০,০০০,০২২.১৯,০০০১,২৪-২২, তারিখ ০৬/০৪/২০২৬ইং) রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগরকে বদলি করা হয়।

গতকাল মঙ্গলবার রাঙামাটিতে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন খাইরুল আজিজ খোকন। তিনি এর আগে কুমিল্লা জেলায় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ছিলেন। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বদলিকৃত রাঙ্গামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগরের বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম ও রাতারাতি ফ্লাটবাড়ি ও জায়গাসহ একতলা ভবনের মালিক এবং রাঙামাটি জেলা শহরে বিভিন্ন স্থানে একাধিক জায়গা ক্রয়সহ কাঠব্যসার সঙ্গে জড়িত, খোলা বাজারে চাল ও আটা বিক্রি (ওএমএস) ডিলার ও মিলারদের কাছ থেকে, পরিবহন ঠিকাদারদের কাছ থেকে, গুদামে নিয়োজিত শ্রমিকদের বিল থেকে, জেলার দশ উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ গ্রহণের খবর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকাসহ ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়। ফলে তাকে রাঙামাটি থেকে পিরোজপুরে বদলি করা হয়েছে।