পুকুরে ডুবে সহোদর শিশুর মৃত্যু

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির দুই ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতেন ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে নামেন। তাদের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দেখেন, দুই ভাইয়ের লাশ পানিতে ভেসে আছে। পরে পরিবারের স্বজনরা লাশ পুকুর থেকে উদ্ধার করেন। তিনি আরও বলেন, আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই।