মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মনপুরা (ভোলা) প্রতি?নিধি
২০ কিলোমিটার দূরত্ব, যানবাহন ও গণপরিবহন সংকট, ঝুঁকিপূর্ণ যাতায়াত, হোটেল-রেস্তোরাঁ বা মেয়ে পরীক্ষার্থীদের নিরাপদ আবাসন ব্যবস্থা না থাকায় ভোলার মনপুরা উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষায় মন্ত্রণালয় ঘোষিত কেন্দ্র পরিবর্তন করে কাছাকাছি কেন্দ্র নির্ধারনের দাবিতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা।
গত মঙ্গলবার মনপুরা প্রেসক্লাবের সামনে হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালযের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী হাজীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ে। তবে নির্ধারিত পরীক্ষা কেন্দ্র উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে হওয়ায় পরিক্ষার্থীদের নিরাপত্তা, নিরাপদ যাতায়াত ও নিরাপদ অবস্থানের স্বার্থে নিকটবর্তী মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পুনর্নির্ধারণের দাবি জানান পরীক্ষার্থীরা।
এছাড়াও উপজেলার চতুর্পাশে নদীভাঙন রোধে বেড়িবাঁধ ও ব্লকিংয়ের কাজ চলমান থাকায় ঝুঁকিপূর্ণ যাতায়াতের কারণে দুর্ঘটনায় প্রাণহানির শঙ্কা রয়েছে বলে জানান তারা এবং নিরাপদ আবাসিক আবাসন ব্যবস্থা না থাকায় মেয়ে পরীক্ষার্থীদের ঝুঁকির আশঙ্কা তাদের।
তাই হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থীদের নিকট কোনো বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা।
