বালুদস্যুদের বিরুদ্ধে অভিযান চারজনের কারাদণ্ড
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এক বিশেষ অভিযানে ৪ জন বালু ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দ করা হয়েছে ৪টি ড্রেজার মেশিন এবং ধ্বংস করা হয়েছে প্রায় ৩ হাজার ফুট পাইপলাইন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর এবং শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালাসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
এতে হুমকির মুখে পড়ে স্থানীয় কৃষিজমি ও পরিবেশ। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বীর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বালু উত্তোলনের হাতে-নাতে প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- শ্রীকাইল এলাকার খায়রুল মিয়া, তারা মিয়া, আক্কু মিয়া ও কালন মিয়া। এছাড়াও ঘটনাস্থল থেকে ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বালু সরবরাহের কাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপলাইন বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সরকার অত্যন্ত কঠোর। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধ ড্রেজার চালাবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মুরাদনগরের সাধারণ মানুষ ও কৃষকরা। স্থানীয়দের মতে, এই অভিযানের ফলে ফসলি জমি রক্ষা পাবে এবং অবৈধ বালু ব্যবসায়ীদের দাপট কমবে। প্রশাসনের এমন নিয়মিত তদারকি প্রত্যাশা করছেন এলাকাবাসী।
