নিজ উদ্যোগে হাসপাতালে ওষুধ দিলেন এমপি

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে এবং এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না।

বিগত বছরগুলোতে এ হাসপাতালের নাজুক অবস্থা সোনারগাঁবাসীকে খুবই কষ্ট দিয়েছে। আমার আপন ভাই এই হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছে যা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি। জরুরি ওষুধের অভাবে রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার কথা জেনে আমি নিজেই ওষুধ নিয়ে এসেছি। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হতে দেওয়া হবে না। গতকাল বুধবার ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ওষুধ প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি চাই সোনারগাঁয়ের মানুষ যেন ঢাকায় না গিয়ে নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পায়। এই হাসপাতালকে ২৪ ঘণ্টা কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এ ব্যাপারে কোনো অবহেলা বরদাশত করা হবে না।

এমপি মান্নান জানান, হাসপাতালের পুরোনো ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে এরইমধ্যে সুপারিশ করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।