থানচির ১৫ গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট

* কোনো কোনো গ্রামের বাসিন্দাদের প্রায় দুই-তিন কিলোমিটার পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে ঝিরি ও সাঙ্গু নদীর তীরে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ করতে হয়

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাবুল খাঁন, বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলার নেটওয়ার্কবিহীন দুর্গম রেমাক্রী ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি পল্লীর বাসিন্দাদের জীবন বিশুদ্ধ পানির তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছে। নিরাপদ পানির অভাবে সাঙ্গু নদীর তীরে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ করে কোনোরকমে জীবনধারণ করছেন ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের হাজারো বাসিন্দা।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পাহাড়ি ঝিরি ও ঝর্ণার পানি সঠিক উপায়ে সংগ্রহ করে কোনোভাবে দিন কাটে তাদের। শুষ্ক মৌসুমের শুরুতেই বাধে বিপত্তি। সেখানে যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক না থাকায় অসুস্থদের চিকিৎসা সেবা পাওয়াও বেশ কঠিন।

জানা যায়, কোনো কোনো গ্রামের বাসিন্দাদের প্রায় দুই-তিন কিলোমিটার পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে ঝিরি ও সাঙ্গু নদীর তীরে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ করতে হয়। নিরাপদ পানি সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছে- হুকু খুমী পাড়া, সাখয়উ পাড়া, খেসাপ্রু পাড়া, ক্যমং হেডম্যান পাড়া, রুংসোলা পাড়া, মতি ত্রিপুরা পাড়া, চাইশৈউ পাড়া, ঙাসালাং পাড়া, উষাথোয়াই পাড়া, বাসিংঅং পাড়া, য়ংনং পাড়া, ক্রাহ্লাঅং পাড়া, অতিরাং পাড়া, অংহ্লা খুমী পাড়া ও জগৎচন্দ্র পাড়া।

সরেজমিনে দেখা যায়, শুষ্ক মৌসুমে পাহাড়ে ঝিঁরিঝর্ণায় পানি শুকিয়ে যায়। ফলে সাঙ্গু নদীর তীরে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ করে ব্যবহার করেছেন তারা। এসব পানি কাদামাটিযুক্ত ও অপরিশোধিত হওয়ায় তা পান করে নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন শিশু ও বৃদ্ধরা।

এলাকাবাসীদের ভাষ্যমতে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত থানচির দুর্গম রেমাক্রী ইউনিয়নের সীমান্ত এলাকায় পাহাড়ি গ্রামগুলোতে নলকূপ কিংবা ডিপ টিউবওয়েলের লাইন স্থাপন করা হয়নি। নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই সাঙ্গু নদীর পানির ওপর নির্ভরশীল হয়ে জীবনধারণ করতে হয় স্থানীয় বাসিন্দাদের।

এদিকে স্থানীয় বাসিন্দা শান্তিরানী ত্রিপুরা, ডানিয়াল খ্যাং, মথিচন্দ্র ত্রিপুরাসহ অনেকেই বলছেন, বিশুদ্ধ পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাধ্য হয়ে নদীর ধারে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ করে ব্যবহার করছি। এসব এলাকায় প্রশাসনিক নজরদারিও সীমিত। ফলে বিশুদ্ধ পানি সংকট দীর্ঘদিন ধরে থাকলেও কার্যকর কোনো টেকসই প্রকল্প বাস্তবায়নের নজির নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, গর্ত খুঁড়ে যে পানি সংগ্রহ করা হচ্ছে, তা সম্পূর্ণ অপরিশোধিত। এ ধরনের পানি পান করলে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি অত্যন্ত বেশি। তবে তাদের পানি ফুটিয়ে বা বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পান করার পরামর্শ প্রদান করা হয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বপন চাকমা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় গভীর নলকূপ স্থাপন করা প্রযুক্তিগতভাবে খুবই চ্যালেঞ্জিং। তবে পর্যাপ্ত বরাদ্দ পেলেই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রস্তাবে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় সম্ভাব্যতা যাচাই করে পাইপলাইনে জিপিএস স্থাপন করা যেতে পারে।