ডোমারে তুষের আগুনে পুড়ে গেছে তিন পরিবারের ৭ বসতঘর

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে মশা তাড়াতে জ্বালানো তুষের আগুনে পুড়ে গেছে তিনটি পরিবারের ৭টি বসতঘর। গত শনিবার সন্ধ্যা ৬টা ৫০মিনিটের দিকে ডোমার পৌরসভার মাদ্রাসা পাড়া এলাকায় উল্লেখিত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্থরা হলেন, মৃত আব্দুল হাই মাস্টারের দুই ছেলে ডোমার বাজারের জুতা ব্যবসায়ী মো. আব্দুল ওয়াজেদ আনছারি (৪৬) ও বাদাম ব্যবসায়ী মো. আব্দুল ওয়ারেছ আনছারি (৪৪)। স্থানীয়দের ভাষ্যমতে, তাদের মা খাদিজা বেগম (৬৫) মাগরিবের নামাজের আগে মশা তাড়ানোর জন্য তুষে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন। পরে তিনি নামাজে দাঁড়ালে সেই আগুন পাশের একটি চিপসের প্যাকেটের সংস্পর্শে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূতের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের ঘরেও বিস্তার লাভ করে। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আগুন নেভাতে সহযোগিতা করেন। ডোমার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রায় তিনি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।