রাজবাড়ীতে পদ্মায় অভিযান তিন জেলেকে জরিমানা

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন। অভিযানে তিন জেলেকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে।

গতকাল রোববার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খানের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে ৩০ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ২০টি চায়না দুয়ারী জাল এবং ১৬০ কেজি (১০ ইঞ্চির নিচে) জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করা হয়। এ সময় জাটকা আহরণের দায়ে তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিন জেলের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে জাটকা আহরণ থেকে বিরত থাকার শর্তে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনার ঢালার চর এলাকার মো. আজদর সরদারের ছেলে মধু সরদার, আমিনপুর কুকলির চর এলাকার মৃত জুরান প্রামাণিকের ছেলে মো. মাহতাব এবং একই উপজেলার ধারাই এলাকার মো. আক্কাছ সরদারের ছেলে সাদ্দাম। অভিযানে জব্দ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।