সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পৌরসভার সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সোহেল হোসেন নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

গতকাল রোববার দুপুর ২টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার হানিফুর রহমান মজনু হাওলাদারের ছেলে। তিনি ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসছিলেন সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন। পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই সড়কের পাশে খাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।