পিরোজপুরে সিএমএসএমই কর্মশালা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধিবিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিবে। গতকাল রোববার পিরোজপুর শহরের ‘ডাক দিয়ে যাই’ এনজিওর সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মধুসূদন বনিক। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক-এর বরিশাল বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আবুল বসার, মোল্লা আলমাহমুদ এবং ওমর আল ফারুকসহ অন্যান্য ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মশালায় বক্তারা সিএমএসএমই খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে টেকসই উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন। প্রধান অতিথি মধুসূদন বনিক তার বক্তব্যে বলেন, ঋণ বিতরণের ক্ষেত্রে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে ঋণগ্রহীতারা ঝুঁকির মুখে না পড়েন এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে বিনিয়োগ নিশ্চিত হয়। তিনি পিরোজপুরের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরে বলেন, সূর্যমুখী, নারিকেল, সুপারি, ভুট্টা চাষের পাশাপাশি হাঁস-মুরগি ও গবাদি পশু পালন ব্যাপকভাবে সম্প্রসারণ করা যেতে পারে। বিশেষ করে নারিকেলকে ঘিরে বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে- যেমন নারিকেলের ছোবড়া থেকে জাজিম, পাপোশ ও ম্যাট, পাতা থেকে ঝাড়ু এবং নারিকেল থেকে ভোজ্য তেল উৎপাদন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে অর্গানিক পণ্যের চাহিদা বাড়ছে, যা স্থানীয় উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে।
তবে উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার আহ্বানও জানান। কর্মশালায় পিরোজপুরের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, পিরোজপুর চেম্বার অব কমার্স এর প্রতিনিধি, নারী-পুরুষ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় ব্যাংকাররা ঋণ বিতরণ ও ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, অন্যদিকে উদ্যোক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা ও প্রতিবন্ধকতার কথা জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মোশাহিদুল্লাহ বলেন, ঋণগ্রহীতাদের ঝুঁকি কমিয়ে আনার জন্য যথাযথ প্রশিক্ষণ ও দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারীরা বাস্তব জীবনে প্রয়োগ করবেন এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
এই কর্মশালার মাধ্যমে পিরোজপুরে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন ব্যবস্থার প্রসার এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
