পেঁয়াজের বীজ উৎপাদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজারহাটে কৃষিতে যুক্ত হলো এক নতুন সম্ভাবনা। এখানে শুরু হয়েছে পেঁয়াজের বীজ উৎপাদন, যা স্থানীয় কৃষকদের জন্য খুলে দিতে পারে লাভজনক নতুন পথ। উপজেলার সদর ইউনিয়নের ছাটমাধাই গ্রামের কৃষক রাসেল আহমেদের পেঁয়াজ খেতে গিয়ে দেখা যায়, ক্ষেতজুড়ে শুধু পিঁয়াজের সবল ও সুস্থ গাছ। গত ডিসেম্বর মাসে প্রায় ৬০ শতক জমিতে তিনিপেঁয়াজ রোপণ করেন। প্রতিদিন ৭-৮ জন নারী-পুরুষ শ্রমিক এখানে কাজ করছেন। এপ্রিল মাসের শুরুতেই কিছু বীজ সংগ্রহ শুরু করে। তবে এ মাসের মাঝামাঝিতে পূর্ণাঙ্গভাবে বীজ সংগ্রহ করবেন তিনি।

এই উদ্যোগ শুধু রাসেল আহমেদের জন্যই নয়, স্থানীয়দের জন্যও আশীর্বাদ হয়ে উঠছে। দৈনিক ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আয় করছেন। ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এ বিষয়ে পিঁয়াজ চাষি রাসেল আহমেদ বলেন, এতদিন ধান ও আলু চাষের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু ধারাবাহিক লোকসানের কারণে বিকল্প কিছু করার চিন্তা করে এবার সাহসী উদ্যোগ নিয়ে পলিক্রস জাতের পিঁয়াজের বীজ রোপণ করি।

শখের বসেই শুরু করেছিলাম। লাভবান হলে আগামীতে আরও বড় পরিসরে করবো। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভের আশা করছি।