ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ৫০
মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল সোমবার ভোর ও সকালে জেলার কোতয়ালী ও ভাঙ্গা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনায়, ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে কোতয়ালী থানাধীন বারোখাদা ব্রিজ সংলগ্ন রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাঁশবোঝাই একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাঁশবোঝাই ট্রাকের অজ্ঞাতনামা চালক ড্রাইভিং সিটে আটকা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপরদিকে, সকাল আনুমানিক ৯টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের বাবনা তলা ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রথমে পিকআপে থাকা তরমুজ ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) ঘটনাস্থলেই নিহত হন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, একই গ্রামের আলমগীর শেখ (৪২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।
দুর্ঘটনায় অন্তত ২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে সাগর, ফজলুল হক, আশরাফ মোল্লা, লোকমান, বিলকিস, মীর ফারুক, মেহেদী হাসান, সাদিয়া, বিশ্বনাথ, রূপালী, গোলাম মোস্তফা, মনিরুজ্জামান ও লাভলুসহ আরও অনেকে রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
