বর্তমান সরকার কৃষকবান্ধব

বললেন ধর্মমন্ত্রী

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

মুরাদনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমের এই প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, এই সরকার কৃষকদের সরকার। কৃষক আমাদের কলিজার টুকরা। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অপরিসীম। আপনারা দোয়া করবেন আমাদের প্রধানমন্ত্রীর জন্য, সব প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন তাকে হেফাজত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এবিএম সারোয়ার রাব্বী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু। অনুষ্ঠানে উপজেলার মোট ১৬২০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ মোট ২৫ কেজি কৃষি উপকরণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আজিজ মোল্লা, কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ মাঝি, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ও যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।

এছাড়াও অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি হেদায়েত হোসেন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই সরকারি সহায়তার মাধ্যমে মুরাদনগরে আউশ ধানের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।