দামুড়হুদায় গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ালগাছি ইউনিয়নের চন্ডিপুর খামার পাড়া গ্রামে ও একই উপজেলার নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে গর্তে পড়ে আনিসা ও রুফাইয়িত নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় চন্ডিপুর গ্রামে ও সকাল সাড়ে ৮টার সময় বোয়ালমারী গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনিসা উপজেলার দর্শনা থানাধীন চন্ডিপুর খামার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও রুফাইয়িত মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারী গ্রামের আসমান আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রের জানা যায়, শনিবার বিকালে শিশু আনিসা নিজ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত বাড়ির পাশেই একটি গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা গর্ত থেকে তার লাশ উদ্ধার করে। অপরদিকে গত শুক্রবার সকালে মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামের নিজ বাড়ি থেকে অটোযোগে রুফাইয়িত মায়ের সঙ্গে দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে খেলা করার উদ্দেশে রুফাইয়িত ঘর থেকে বের হয়। এরপর আর তার কোনো সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আনিসার বাবা আনোয়ার হোসেন জানান, খেলা করার সময় অসাবধানতা বসত গর্তে পড়ে তার মৃত্যু হয়।
অপরদিকে নিহতর রুফাইয়িতের বাবা আসমান আলী জানান, মায়ের সঙ্গে রুফাইয়িত নানার বাড়ি বেড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রুফাইয়িতের লাশ তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।
