উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জেলা প্রশাসকের

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, সিভিল সার্জন মুন্সীগঞ্জের প্রতিনিধি জুনিয়র কনসালটেন্ট ডা. মো. জসীমউদ্দীন ভূইয়া, পুলিশ সুপার মুন্সীগঞ্জের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। সভায় গত মার্চ ২০২৬ মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার বিভিন্ন দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহের সর্বশেষ অগ্রগতির তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে গৃহীত উন্নয়ন কার্যক্রমসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।