দিনাজপুরে বাড়িতে আগুন লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় বাড়ির দোতলায় আগুন লেগে এক দম্পতির মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই আগুন লেগেছে। মৃত স্বামী-স্ত্রী হলেন আশ্রমপাড়া হরি সরকারের ছেলে তপন সরকার (৪৫) ও লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। গতকাল সোমবার সকালে মৃতের ছেলে তীব্র সরকার বলেন, ‘আমাদের বাড়ির নিচতলায় একটি কক্ষে আমি থাকি। ওপর তলায় ছোট দুটি কক্ষ রয়েছে। তার একটিতে মা-বাবা থাকেন। রাত ১২টায় মডার্ন মোড়ে পেট্রল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল নিতে যাই। কিছুক্ষণ পরে বাড়ির পাশের একজন ফোনে আমাদের বাড়িতে আগুন লাগার কথা জানায়। এসে দেখি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সিঁড়ি দিয়ে ওপরে একটুখানি উঠছি, আর যেতে পারিনি। মা-বাবা দুজনে চলে গেলেন।’ প্রতিবেশী রণজিৎ কুমার রায় বলেন, ‘রাতে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে বের হয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। কীভাবে আগুন লেগেছে কেউ বলতে পারছে না। ঘটনাটি খুব দুঃখজনক।’