আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার আশুলিয়া থানা থেকে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে গত সোমবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারীপাড়া এলাকার মৃত শুকচান শেখ ওরফে শুকচান মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম শহিদ, একই জেলা ও থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে মো. জুয়েল রানা, একই এলাকার মৃত লেদু শেখের ছেলে মিজান শেখ, নাটোরের বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মৃত মাছেম উদ্দিন প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম, কুড়িগ্রামের উলিপুর থানার পারুলের লাড় এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে মো. আব্দুর রহিম এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার তেলিজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল মমিন। এরা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গরুর গাড়ি, চিনি, চাউল, তৈল, রডসহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি টার্গেট করে ডাকাতি করে। রাতে ওই মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় একদল ডাকাত পরিবহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বিকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। এছাড়া ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।