অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদ্বী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বান্ধবীর সঙ্গে অটোরিকশায় যাওয়ার সময় চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামের এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি কবিরাজ মোড় এলাকার জাহিদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার আলিম সাধারণ বিভাগের পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্ধবীর সঙ্গে অটোরিকশায় চড়ে যাওয়ার সময় পাকশী হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিতুর নানা জামালউদ্দিন জানান, রিতু প্রতিদিনের মতো গতকাল সকালে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তবে বেলা সাড়ে ১১টার দিকে শুনতে পান রিতু অ্যাক্সিডেন্ট করেছে। পরে ঈশ্বরদী হাসপাতালে ডাক্তাররা জানান, হাসপাতালে আসার আগেই সে মারা গেছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছগির উদ্দিন জানান, ‘আমি ঘটনা শুনেছি, রিতু আমার মাদ্রাসার আলিম সাধারণ বিভাগের পরীক্ষার্থী ছিল। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।