রংপুরে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসন মহড়া
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
সচেতনতা ও প্রস্তুতি জোরদারের লক্ষ্যে রংপুরে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রংপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসন মহড়া অনুষ্ঠানর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. বাদশা মাসউদ আলম।
কর্মসূচির উদ্বোধন করেন পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামান প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিস্ট (লাইভলিহুড) সৈয়দ ইস্তিয়াক আহমেদ। দুর্যোগ বিষয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সায়মা আক্তার। ভূমিকম্পে করণীয় বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আইসিটি ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান মো. সাকিব হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর পিনু। আলোচনায় প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয়, দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী প্রস্তুতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সতর্কীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে অগ্নিনিয়ন্ত্রণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বাস্তবধর্মী অভিজ্ঞতা সৃষ্টি করে।
উল্লেখ্য, রংপুর মহানগরের উপশহর এলাকায় অবস্থিত পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের দুর্যোগ প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
