ময়মনসিংহে বিদেশি রিভলবার উদ্ধার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে র্যাব-১৪ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব সূত্র জানায়, সোর্সের মাধ্যমে জানা যায় যে, কিছু অস্ত্র ব্যবসায়ী ময়মনসিংহ সদর উপজেলার উজান বাড়েরা এলাকার একটি ইটভাটায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২২ এপ্রিল তারিখ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে সদর কোম্পানি, র্যাব-১৪ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রকারবারীরা একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ এর মিডিয়া অফিস সূত্রে জানা যায়, উদ্ধারকৃত রিভলবারটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব কর্মকর্তারা জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
