জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে তিন জনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জামালপুর প্রতিনিধি

জামালপুরে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আলাদা ঘটনার মামলায় তিনজনের যাবজ্জীবন এবং তিনজনের ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকু। বুলবুল শহরের বেলটিয়া খুপিবাড়ি এবং কালাম ও রুকু শহরের পাথালিয়া নাওভাঙা এলাকার বাসিন্দা।

আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (র.) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়।

১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায় মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করেন।

এদিকে একই আদালত ইসলামপুরের পচাবহলার এক নারীকে অপহরণ মামলায় আবুল হাই মণ্ডল, মো. আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন এবং এক লাখ টাকা করে জরিমানা করেছেন।

এ ছাড়া বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন ওই আদালত।