বান্দরবানে রাবার বাগান থেকে ৬ শ্রমিককে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের হাতিরডেরা এলাকায় একটি রাবার বাগান থেকে ছয় শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা এলাকা থেকে মুখোশধারী, কালো পোশাক পরিহিত একটি সশস্ত্র দল তাদের তুলে নিয়ে যায় বলে জানা গেছে।

অপহৃত শ্রমিকরা হলেন- নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাং ইয়ং ম্রো (প্রদীপ) মুঠোফোনে জানান, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে অপহরণের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। অপহরণকারীরা শ্রমিকদের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও জানান তিনি। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এদিকে, রাবার বাগানের মালিক মো. ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অপহরণের সময় তিনি বাগানে উপস্থিত ছিলেন না। তাকে বাদ দিয়ে বাকি সবাইকে অপহরণকারীরা নিয়ে গেছে। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

কাজ শেষে শ্রমিকরা বাগানের বিশ্রাম ঘরে অবস্থান করেছিলেন। রাতে অস্ত্র হাতে ও কালো মুখোশ পরিহিত সন্ত্রাসীরা এসে শ্রমিকদের মারধর করে। তাদেও চোখ বেধে নিয়ে যায়। রাতে অপহরণের ঘটনাটি ঘটলেও ভোরে তা জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। বান্দরবান সদর থানার ওসি শাহেদ পারভেজ বলেন, অপহরণের বিষয়টি জানতে পেরেছি। যাচাই-বাছাই করা হচ্ছে।