বিনামূল্যে বীজ ও সার পেলেন দুই হাজার কৃষক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ২ হাজার কৃষকের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম।

এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ কৃষক কৃষাণিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো বীজ ও সার পেয়ে তারা আউশ চাষে উৎসাহিত হচ্ছেন এবং ভালো ফলনের আশা করছেন। এ সময় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।