কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় মামলা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার হরিপুর এলাকার পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা এবং ওসিসহ নৌ পুলিশের ৫ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা ৮/৯ জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীকে আসামি করা হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে পাবনা-কুষ্টিয়া সীমান্তবর্তী কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির একটি দল নিয়মিত টহল ডিউটি পালনের সময় পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
