গৌরীপুরে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল। র‍্যাব সূত্র জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গৌরীপুর থানার রামগোপালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সিএনজি তল্লাশি করে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন নরসিংদী জেলার সজিব মিয়া এবং দিনাজপুর জেলার মো. মানিক। পরবর্তীতে উপস্থিত জনগণের সামনে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্লাস্টিকের বস্তা, ফ্যামিলি ও স্কুল ব্যাগে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।