কুরিয়ার অফিস থেকে ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ফুচকা ও সিগারেট জব্দ করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মৌলভীবাজার সড়কের এসএ পরিবহনের অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানকালে ২০ বস্তা (১০০০ কেজি) ভারতীয় ফুচকা এবং ৪৮ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে ৩০ হাজার পেট্রোল ও ১৮ হাজার ৮০০ মুন ব্র্যান্ডের সিগারেট রয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘চোরাই পথে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের শনাক্তে আমরা কাজ করছি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা পণ্য জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, চোরাকারবারিরা শ্রীমঙ্গলকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। তারা সীমান্ত বাহীনির চোখ ফাঁকি দিয়ে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন বর্ডার দিয়ে ভারত থেকে অবৈধভাবে ইলেকট্রনিক্স ডিভাইস, প্রসাধনী সমাগ্রী, কাপড়সহ নানা রকমের পণ্য এনে থাকে।