‘জ্বালানির দাম বৃদ্ধির অজুহাতে বাস ভাড়া-নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই’
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই। এক্ষেত্রে সবার নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী। তিনি বলেন, আগামীতে নতুন বিনিয়োগকারিদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরি করা উচিৎ।
গতকাল শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন নয়। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলির মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প পল্লী স্থাপন করা হয়েছে। আরও দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন। আর বাদ বাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বাকি প্লটগুলোও তারা পরিদর্শন করেন।
