শিক্ষা কারিকুলামে ভেদাভেদ থাকবে না : প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাক্রমে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল শিক্ষাক্রম নিয়ে বর্তমান সরকার কাজ চলছে। তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক ও গণ শিক্ষাক্রম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই শিক্ষাক্রম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরও বলেন, বিদ্যালয়ে সাপ্লাইয়ারদের দেওয়া মিড-ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেছি, খাবারে কিছু ত্রুটি পেয়েছি। শিশুদের দেওয়া মিড-ডে মিলে যাতে কোনো ত্রুটি না থাকে এবং শিশুরা যাতে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে বিদ্যালয়ে নিয়মিত আসে, সে জন্যই আমরা সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি। শিশুদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কি না তা ঘুরে দেখেছি।
তিনি গতকাল শনিবার দুপুরে নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করার সময় এ কথা বলেন। প্রথমে তিনি নরসিংদীর বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের মান পর্যবেক্ষণ ও শ্রেণিকক্ষে শিশুদের পড়ালেখার অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি মিড-ডে মিলের খাবারের মান নিয়ে ঠিকাদারের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি খাবারের মান উন্নতি না হলে কার্যাদেশ বাতিলেরও হুঁশিয়ারি দেন। পরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে গন্ধ সন্দেহজনক হওয়ায় দুটি স্যাম্পল ঢাকার ল্যাবে টেস্টের জন্য পাঠান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গতকাল নরসিংদীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন।
