ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর হোসেন, তার ছেলে উজ্জ্বল মিয়া এবং সোহরাব আলীর ছেলে সহিদুল। এছাড়া, ইছব আলীর ছেলে সোহরাব আলী, তার স্ত্রী স্বরূপা খাতুন এবং নূর হোসেনের স্ত্রী রেহেনা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বাদী ও আসামিরা পরস্পর প্রতিবেশী ছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা কৃষক আশ্রাব আলীর ওপর চড়াও হয়। একপর্যায়ে সোহরাব আলীর নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
