কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলান উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুত ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। গত সোমবার সন্ধ্যার পর টানা ১৫ ঘণ্টা বিদ্যুতহীন ছিল কমলগঞ্জ। ঝড়ে গাছ উপড়ে পড়ে পল্লীবিদ্যুৎ কমলগঞ্জ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্নসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় ১৫০টি স্থানে বিদ্যুৎ লাইন ছিড়ে গেছে এবং ১৭টি খুঁটি ভেঙে পড়েছে। ঝড়ে পৌরসভা, আলীনগর, শমসেরনগর, মুন্সীবাজার, পতনঊষার, আদমপুরসহ বিভিন্ন এলাকায় আংশিক বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘর। গত রোববার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। শেষ খবর পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়নি। চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।
জানা যায়, গত সোমবার সন্ধ্যার শক্তিশালী কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জের পৌরসভা, শমসেরনগর, মুন্সীবাজার, আলীনগর, পতনউষারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চলে। ঝড়ে পৌরসভার কলেজ রোডের কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে বিশাল আকৃতির একটি চামগাছ উপড়ে পড়লে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ পড়লে তার ছিড়ে যায়। একই সঙ্গে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। গাছটি অফিসের সামনে থাকা ৩টি মোটরসাইকেল এবং অফিসের কাজে ব্যবহৃত গুরুত্ব¡পূর্ণ মালামালের ওপর পড়লে সেগুলো দুমড়ে মুচড়ে যায়। গত সোমবার দুপুর ২টায় গাছটি কেটে অপসারণ করা হয়। তবে বিদ্যুৎ লাইন চালু করা সম্ভব হয়নি।
