কমলনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরে কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের শপথগ্রহণের ঘটনায় ঈমান আলী নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চৌধুরী বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ঈমান আলী উপজেলার চরমার্টিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, সম্প্রতি রাতের আঁধারে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট-সংলগ্ন মেঘনা নদীর তীরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথগ্রহণ করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে। এ ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এ মামলায় যুবলীগ নেতা ঈমান আলীকে গ্রেপ্তার করা হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, শপথ অনুষ্ঠানে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবলীগ নেতা ঈমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।