ফরিদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা

প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কঠোর বার্তা দিয়ে পালিত হয়েছে দিনটি। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে গত বুধবার সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল এবং ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট প্রশান্ত কুমার মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার।

আলোচনা সভায় বক্তারা বলেন, শব্দদূষণ বর্তমানে একটি মারাত্মক পরিবেশগত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার শব্দের মধ্যে অবস্থান করলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়া, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি, মানসিক চাপ এবং অনিদ্রার মতো জটিলতা তৈরি হতে পারে। এ কারণে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই।

বক্তারা আরও উল্লেখ করেন, নগরায়ণ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে শব্দদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। আইন অমান্য করে এসব হর্ন ব্যবহারের প্রবণতা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শব্দদূষণ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দুপুর ১টায় ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা সড়কের মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৭টি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ৭টি যানবাহন থেকে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়।