কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত তিন
প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় দুজনকে আটক করে গতকাল বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকালে আদালতে পাঠিয়েছে ঝিনাইগাতী থানা পুলিশ।
আহতরা হলো- উপজেলার মোল্লা পাড়া এলাকার ওয়াসিমের ছেলে রিয়াদ, বাদশা মিয়ার ছেলে বন্ধন এবং বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান। এ ঘটনায় আটককৃতরা হলো বালিয়া চন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান ও হিরা মিয়ার ছেলে রাতুল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাশের উপজেলা শ্রীবরদীতে ওই দুই কিশোর গ্রুপের মধ্যে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধে হয়। এই ঘটনায় জেরে গত বুধবার বিকালে ঝিনাইগাতী মডেল পাইলট হাই স্কুল সংলগ্ন এলাকায় উভয় পক্ষের মধ্যে মিমাংসার আলাপ চলছিল। এর মধ্যেই কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে রিয়াদ, বন্ধন ও ইমরান গুরুতর আহত হন। আহতদের মধ্যে রিয়াদ ও বন্ধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রাতেই দুই অভিযুক্ত কিশোরকে পুলিশ আটক করে মামলা গ্রহণ করে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
