ত্রিশালের দরিয়ার খাল দখলমুক্ত

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্মুখ বৈলর অবস্থিত ধরিয়ার খাল (ধরার খাল) দীর্ঘদিন পর দখলমুক্ত হয়ে স্বাভাবিক পানি প্রবাহ ফিরে পেয়েছে।

এতে দূর হয়েছে দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং প্রাণ ফিরে পেয়েছে প্রায় ৩০০ একর কৃষিজমি। ফলে স্বস্তি ফিরেছে এলাকার অসহায় কৃষকদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল তাদের শিল্পকারখানার স্বার্থে দীর্ঘদিন আগে খালের মাঝখানে সিমেন্ট-বালুর চোঙা স্থাপন করে তার ওপর কংক্রিট ও মাটি ফেলে যান চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করে। এর ফলে বর্ষা মৌসুমে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এক পাশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে কৃষকদের বিভিন্ন ফসল নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হতো। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর নজরে আসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে। পরে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন। গত শুক্রবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও সকালে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, থানা পুলিশ এবং ভেকু ও এক্সকাভেটরসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এমআরটি এগ্রো বিডি লিমিটেড কর্তৃক দখল করে নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করে খালটি দখলমুক্ত করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থ ও কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।