শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সেফতের আলী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর বিশ্বাস পাড়ায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মান্দারবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। এ সময় প্রতিবেশী সেফতের আলী তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন চালায়। শিশুটির চিৎকার ও পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা জানাজানি হওয়ার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সেফতের আলীকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি নথিভুক্ত করার পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
