ভাঙা ব্রিজে ১৫ গ্রামবাসীর দুর্ভোগ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরীফ উদ্দীন, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সোনাতনপুর গ্রামের জিকে ক্যানালের ওপর নির্মিত ব্রিজটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের প্রায় ৭ হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া জিকে ক্যানালের ওপর ব্রিজটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ব্রিজটি ওই সময় গ্রামের মানুষের উপকারে আসলেও ২০২৪ সালের জুন মাসে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিজ দিয়ে মানুষজন ও ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে।
গ্রামবাসীর অভিযোগ, প্রয়োজনীয় কাজে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলায় আসা-যাওয়ার জন্য এখন ২ থেকে ৩ কিলোমিটার পথ বেশি ঘুরতে হচ্ছে। এ ছাড়াও কৃষক, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের নিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান ও মানুষ চলাচল করছে।একই এলাকার আরেক বাসিন্দা ফজলুর রহমান বলেন, প্রায় দুবছর আগে ব্রিজটি ভেঙে পড়ে। সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি এখানকার চেয়ারম্যান-মেম্বারদেরও কোনো পদক্ষেপ নেই। ব্রিজটির ওপর দিয়ে কৃষিপণ্যসহ শিশু শিক্ষার্থীদের চলাচল করতে অনেক কঠিন হচ্ছে। অজিবার নামে একজন জানান, এ ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় ১২০টি যানবাহন চলাচল করে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার শিকার হতে হয় ভ্যান, পাখিভ্যান ও আলমসাধু চালকদের।
চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ জানান, আলমডাঙ্গা উপজেলায় জিকে প্রকল্পের আওতাধীন সোনাতনপুর গ্রামের ব্রিজ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এই ব্রিজটি মেরামতের জন্য চাহিদা দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে প্রয়োজনীয় বরাদ্দ পেলে ব্রিজটি মেরামত করা যাবে।
