তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ইউএনও

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর তীব্র ভাঙনকবলীত এলাকা পরিদর্শন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় দশমিনা উপজেলার হাজীর হাট লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন যোগদানকৃত দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

স্থানীয়রা জানান, তেঁতুলিযা নদীর বুকে জেগে ওঠা চরে অপরিকল্পিতভাবে বনায়ন করায় নদীর স্রোতের গতিপথ বাধাগ্রস্ত হয়ে দশমিনা উপজেলা মূল ভূখণ্ডে আঘাত হানে। ফলে প্রতি বর্ষা মৌসুমে ও গ্রীষ্মের শুরুতে উপজেলার তীরবর্তী এলাকা ভেঙে মূল ভূখণ্ডের আয়তন ক্রমেই ছোট হয়ে আসছে। অপরদিকে নতুন নতুন চর জেগে উঠে এবং দ্বীপচরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নদী ভাঙনে ভিটামাটি হারা পরিবারগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানবেতন জীবনযাপন করছেন। তারা আরও জানান, গত বছরের তুলনায় চলতি বছর নদী ভাঙনের তীব্রতা অনেক বেশি। প্রতিদিনই ফসলী জমি ভেড়িবাঁধ নদীরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পরিদর্শন শেষে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, নদী ভাঙনের শিকার বহুদিন ধরে। তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদী ভাঙনে অনেক বসতবাড়ি নদীরগর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনের মাননীয় মন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে।