হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস
কক্সবাজারে উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৯ মার্চ থেকে এই পর্যন্ত ১ মাস ৬ দিনে জেলায় এক রোহিঙ্গাসহ মোট ১৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে বর্তমানে কক্সবাজারের ৭টি হাসপাতালে ১৪৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকার তথ্য জানিয়েছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, নতুন করে মৃত্যু হওয়া ২ শিশুই রামু উপজেলার। ২ জনই কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর মধ্যে মিজানুর রহমানের ৮ মাস বয়সী ছেলে আতিকুর রহমানকে গত রোববার রাত ১টায় হাসপাতালে আনা হয়। রোববার সকাল ৮টার দিকে শিশুটি মারা যায়। অন্য শিশু জাবেদের ৬ মাস বয়সী কন্যা ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল বিকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাত ৯টার দিকে ওয়াজিফা মারা যায়। এ নিয়ে ২৯ মার্চ থেকে এই পর্যন্ত ১ মাস ৬ দিনে কক্সবাজার জেলায় এক রোহিঙ্গাসহ মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রামু উপজেলায় ৬ জন, কক্সবাজার সদর উপজেলা ২ জন, কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ায় ১ জন করে ৪ জনের মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন এবং ছাড়পত্র নিয়েছে ৩৭ জন। জেলার ৭ হাসপাতাল ভর্তি রয়েছে ১৪৭ জন শিশু। যেখানে কক্সবাজার সদর হাসপাতালে ৭৯ জন, চকরিয়ায় ১৭ জন, পেকুয়ায় ৫ জন, উখিয়ায় ১৫ জন, টেকনাফে ৮ জন, রামুতে ৭ জন ও মহেশখালীতে ১৬ জন ভর্তি রয়েছে। গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩৯৯ জন।
