নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর জান্নাতুল আক্তার নামে ছয় বছর বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রামের একটি পরিত্যক্ত ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল ওই গ্রামের আশাদ মিয়ার মেয়ে। গত সোমবার বিকালে থেকে সে নিখোঁজ ছিল। স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ধানখেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।