মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জনবল সংকট
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল বর্তমানে চরম প্রশাসনিক সংকট ও জনবল ঘাটতির মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। হাসপাতালটিতে নেই আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), পাশাপাশি তত্ত্বাবধায়ক পদও শূন্য- যার ফলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে রোগী ও স্বজনদের কাছ থেকে। গত ২৬ এপ্রিল দায়িত্বে অবহেলা ও ভুল তথ্য প্রদানের অভিযোগে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. কামরুল জমাদ্দারের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরের বিরুদ্ধে জলাতঙ্কের টিকা বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তার বিরুদ্ধেও বিভাগীয় মামলা চলমান রয়েছে এবং একই আইনের আওতায় তাকেও বরখাস্ত করা হয়েছে। এর আগে ২৪ এপ্রিল বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত আকস্মিক পরিদর্শনের পর অনিয়মের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। একই ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের স্ট্যানোটাইপিস্ট মিজানুর রহমানকেও বরখাস্ত করা হয়। বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধায়কের পদ শূন্য থাকায় সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সিভিল সার্জনের দায়িত্ব পালন করছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহ।
