কাঁকনহাট রেল স্টেশনে র্যাম্প নির্মাণের দাবি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপদে উঠানামা নিশ্চিত করতে দ্রুত র্যাম্প নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা নেটওয়ার্ক কমিটির নেতারা। গতকাল বুধবার বেলা ১২টার দিকে রাজমাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট রেল স্টেশনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, কাঁকনহাট রেল স্টেশনে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে হচ্ছে। স্টেশনে ফুটওভার ব্রিজ থাকলেও অন্য পাশে নামার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
আয়োজকরা বলেন, পর্যাপ্ত র্যাম্প না থাকায় রেললাইন পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বর্ষাকালে ও প্রতিকূল আবহাওয়ায় এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। প্রতিদিন প্রায় ১২০০ থেকে ১৫০০ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। তাই দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও র্যাম্প নির্মাণের দাবি জানান তারা।
ওই স্টেশনে নিয়মিত যাতায়াতকারী কয়েকজন বয়স্ক যাত্রী নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, ট্রেনে ওঠানামা করতে আমাদের খুব কষ্ট হয়। এখানে একটি র্যাম্প নির্মাণ করে দিলে আমাদের অনেক সুবিধা হতো। জানা গেছে, মানববন্ধন শেষে এসব দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) এবং কাঁকনহাট পৌরসভা কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নেটওয়ার্ক কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কাঁকনহাট রেল স্টেশনে যাত্রীদের সুবিধার্থে একটি র্যাম্প নির্মাণের জোর আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্টেশনে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে।
