সিলিং ফ্যান খুলে পড়া বিদ্যালয় ভবনে পাঠদান বন্ধ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় সিলিং ফ্যান খুলে পড়া সরকারি প্রাথমিক স্কুলের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দীনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনে গিয়ে এই সিদ্ধান্ত নেন। এর আগে গত ৬ মে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর জখমসহ ৫ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, স্কুলটিতে ক্লাস চলাকালিন সময়ে সিলিং ফ্যান খুলে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে আমরা এই ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করি। তারা সরেজমিন পরিদর্শন করে স্কুল ভবনটিতে পাঠদান বন্ধের নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে নতুন আরেকটি ভবন নির্মাণের জন্য তারা চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শনে এসে স্কুল ভবন পাঠদান বন্ধের ঘোষণা করেছেন। সেই সঙ্গে আরেকটি ভবনে দুই শিফটে ক্লাস করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি পুরাতন ভবনটি ভেঙে নতুন আরেকটি ভবন নির্মাণের উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন।নারায়ণগঞ্জ ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নুর বলেন, আমরা সরেজমিন গিয়ে ভবন পরিদর্শন করেছি। ভবনের কারণে সিলিং ফ্যান খুলে পড়েছে মনে হয়নি। তারপরও ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় ইউএনও ভবনটিতে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা করেছেন। সেইসঙ্গে নতুন আরেকটি ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত স্কুলের নতুন চারতলা ভবনে দুই শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনা করানো হবে।