বাঞ্ছারামপুরে ৩৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮টি বিদ্যালয়েই প্রধান শিক্ষক পদ শূন্য। খোদ সদর উপজেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ মাস ধরে প্রধান শিক্ষকবিহীন চলছে বিদ্যালয়ের পাঠদান। দীর্ঘদিন ধরে এই পদগুলো খালি থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। এতে এক দিকে যেমন প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, অন্যদিকে বিদ্যালয়গুলোতে পাঠ দান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় এ উপজেলায় ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার মধ্যে ৩৮টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে ‘প্রধান শিক্ষক ‘আছে সমসংখ্যক সহকারী শিক্ষক। অবসরপ্রাপ্ত ও বদলিজনিত কারণে ২০১৭ সাল থেকে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কোনো রকমে চলছে স্কুলগুলো। তখন থেকে চলতি দায়িত্ব প্রদানের পর থেকেই এ উপজেলায় আর কোনো ধরনের পদোন্নতি হয়নি। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে বাঞ্ছারামপুর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে অভিভাবকরা অভিযোগ করে জানান, প্রধান শিক্ষকের পদশূন্য থাকায় এবং সহকারী শিক্ষকরা এর দায়িত্ব পালন করায় একদিকে যেমন প্রশাসনিক দুর্বলতা সৃষ্টি হচ্ছে তেমনি সহকারী শিক্ষকের পদও খালি থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এতে শিক্ষার মান কমে যাচ্ছে।
