সড়কে খানাখন্দ, দুর্ভোগ চরমে
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এসএম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক (পুরাতন) সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এ অঞ্চলের হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনগুরুত্বপূর্ণ এ সড়ক সিরাজগঞ্জ-বগুড়া পুরাতন সড়ক নামে পরিচিত। তবে ৮০-দশকের পর থেকে এই সড়ক সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়ক হিসেবে এলাকায় পরিচিত। এ সড়ক দিয়ে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষসহ বিভিন্ন যানবাহন চলাচল করে এবং এ সড়কের চকনুর বাজার, পাঙ্গাসী ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর ও বাগডুমুরসহ বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে চলাচলে এখন চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, উক্ত সড়ক যোগাযোগের এ অঞ্চলের মানুষের একমাত্র পথ। এ সড়ক দিয়ে কৃষি পণ্য সরবরাহ, শিক্ষার্থী ও হাজার হাজার মানুষ চলাচল করে প্রতিদিন এবং প্রায় ১ ঘণ্টা পথ এখন প্রায় ২ ঘণ্টা সময় লাগে। অবশ্য কয়েক মাস আগে এ সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ মেরামত করা হয়েছিল। কিন্তু এ মেরামত তেমন কাজে আসেনি বরং আরও খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এরইমধ্যেই অনেক ছোটোখাটো যানবাহন-এ সড়কে দুর্ঘটনার শিকার হয়েছে এবং যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সড়কের নিচে ড্রেনেজ ব্যবস্থা ও সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ এড়াতে এ জনগুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার প্রয়োজন। এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন, এ সড়ক জনগুরুত্বপূর্ণ সড়ক এরমধ্যেই ঊর্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এ সড়ক দুই লেনে উন্নীতকরণে একনেকে প্রায় ৩০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং সরকারি বিধিমতে এরমধ্যেই দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। এ দরপত্রে ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচিত হবেন এবং যথাসময়ে এ প্রকল্পের কাজ শুরু করবে বলে তিনি উল্লেখ করেন।
