বগুড়ায় গণপিটুনিতে ডাকাত নিহত
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে সিধঁ কেটে ঘরে ঢুকে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ৯টি মামলার আসামি সেলিম ফকির (৩৬) নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার নামে চুরি, ডাকাতি, দস্যুতাসহ ৯টি মামলা রয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ছাতুয়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে সিধঁ কেটে তিনজন প্রবেশ করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভুক্তভোগী পরিবারের সুমন সাহার স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, সিঁধ কেটে দুই জন তাদের ঘরে প্রবেশ করে। ঢুকেই তাকে ও তার শিশুসন্তানকে চাকু ধরে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তাঁর পড়নে থাকা গয়নাও ছিনিয়ে নেয়। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় আমরা চিৎকার দিলে এলাকাবাসী এসে একজনকে আটক করে। এ সময় আরও চারজন পালিয়ে যায়। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, তিনজন পালিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। নিহত সেলিম ফকির পুলিশের তালিকাভুক্ত অপরাধী। তার নামে শিবগঞ্জ, কাহালু ও দুপচাচিয়া থানায় ৯টি মামলা রয়েছে।
