ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের দক্ষিণ তরুপুরচন্ডী এলাকায় বসতবাড়ির বাগানে ফুলের পরিচর্যা করতে গিয়ে একাধিক ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তরপুরচন্ডী খলিফা বাড়িতে এই ঘটনা ঘটে। সোহাগ ওই বাড়ির মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক পুত্র সন্তানের জনক। পেশায় তিনি ডেভেলপার ব্যবসায়ী। সোহাগের চাচাশ্বশুর মো. নাছির আলম বলেন, সোহাগ নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গেলে একাধিক ভিমরুল তাকে মাথায় কামড় দেয়। মারাত্মক ব্যাথা অনুভব হওয়ায় বাড়ির লোকজন তাকে তাৎক্ষনিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যায়।
