সাতক্ষীরায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাহ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের গোবরদাড়ি গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিন্নাহ ওই এলাকার মোহর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ পার্শ্ববর্তী দাউদ মাস্টারের পুকুরপাড়ে ফেলে রেখে যায়।
গতকাল শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহতের মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
