প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন : হুইপ অপু
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাস করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে¡ বিএনপি সরকার গঠনের মাত্র ১ মাসের মধ্যে নির্বাচনি ২১ দফা প্রতিশ্রুতির মধ্যে ৭টি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে মালয়েশিয়া সরকারের চুক্তি হয়েছে। খুব শিগগিরই ৫ লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবে। প্রধানমন্ত্রী দেশ এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি গতকাল শনিবার দুপুরে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদক প্রসঙ্গে হুইপ অপু বলেন, মাদকের যে ভয়ংকর থাবা আমাদের যুব সমাজকে গ্রাস করেছে তা প্রতিরোধে সমাজের সকল স্তরের লোকের আন্তরিক সহযোগীতা প্রয়োজন। শরীয়তপুর বাসির উদ্দেশে তিনি বলেন, আপনাদের সবার সহযোগিতায় আগামিতে এমন একটি শরীয়তপুর গঠন করতে চাই যেখানে থাকবে না কোন হিংসা বিদ্বেষ। শুধু থাকবে পারস্পরিক ভালোবাসা আর সর্বস্তরের উন্নয়ন। শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে জেলেদের হাতে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা উর্মি ও ফাহমিদা হক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবী, অতিরিক্ত পুলিশ পুপার সামছুল আরেফিন, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল শিকদার, রেজাউল করিম শ্যামল বেপারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
