মাদ্রাসাছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে মাদ্রাসাছাত্র বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিক্টিম ছাত্রের বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলাটি করেছেন। থানা পুলিশ মামলায় অভিযুক্ত মাওলানা আবদুল্লা আল নোমানকে (৫০) গতকাল রোববার জেল হাজতে সোপর্দ করেছেন। গ্রেপ্তার শিক্ষকের বাড়ি উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তারা পিতার নাম মুন্সি আ. ছোবাহান। তিনি মাদ্রাজ ইউনিয়নের হাজী শের আলী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
মামলার বিবরণে জানা যায়, গত শনিবার দুপুরের পর ওই মাদ্রাসার ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন মাওলানা আবদুল্লা আল নোমান।
পরে বাড়ি গিয়ে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। সন্ধ্যায় শিশুর বাবা ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে। পরে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে পুলিশ হেফাজতে নেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চরফ্যাশন থানার সেকেন্ড অফিসার এসআই হারুন অর রশিদ জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ভুক্তভোগী ছাত্রের পিতা থানায় মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
